মেসিকে নিয়ে স্বস্তির খবর, গুরুতর চোট নয়
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা অনেকটাই কেটে গেছে। মেডিকেল পরীক্ষায় তার গুরুতর কোনো চোট ধরা পড়েনি বলে জানিয়েছে ক্লাব ইন্টার মায়ামি।
সোমবার (২৬ মে) এক বিবৃতিতে মেজর লিগ সকারের ক্লাবটি জানায়, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত সমস্যা দেখা গেছে। তবে বড় ধরনের কোনো ইনজুরির প্রমাণ পাওয়া যায়নি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন মেসি। এরপর মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। এতে সামনে আন্তর্জাতিক সূচি ও বিশ্বকাপকে সামনে রেখে উদ্বেগ তৈরি হয়েছিল আর্জেন্টিনা শিবিরে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, “সোমবার সম্পন্ন হওয়া অতিরিক্ত মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে অতিরিক্ত চাপের সম্পর্ক রয়েছে।”
তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি ইন্টার মায়ামি। ক্লাবটি জানিয়েছে, তার পুনরুদ্ধারের অগ্রগতি ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও মেসির শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, “বিশ্বকাপের আগে লিওনেল মেসি কেবল অস্বস্তিতে ভুগছেন, গুরুতর কোনো চোট পাননি। পরীক্ষায় সেটিই নিশ্চিত হয়েছে।”
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এর আগে আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স