ঈদের আগে বেতন-বোনাস না দিয়ে সাংবাদিক ছাঁটাই: বিএফইউজে-ডিইউজের তীব্র নিন্দা

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঈদের আগে বেতন-বোনাস না দিয়ে সাংবাদিক ছাঁটাই: বিএফইউজে-ডিইউজের তীব্র নিন্দা

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধ না করে একযোগে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এ ঘটনার নিন্দা জানান। তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে সংগঠন দুটি সবসময় সোচ্চার থাকবে।

বিবৃতিতে বলা হয়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই অন্তত অর্ধশতাধিক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও ওয়েজবোর্ড নীতিমালার পরিপন্থি। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা এসব কর্মীদের ‘মবকারী’ আখ্যা দিয়ে চাকরিচ্যুত করা অত্যন্ত অমানবিক ও উদ্বেগজনক।

নেতৃবৃন্দ আরও জানান, ঈদুল আজহার আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করায় সাংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আন্দোলনরত কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে, এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

চাকরিচ্যুত সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা সম্পূর্ণভাবে পরিশোধ না করেই সীমিত বেসিক বেতন দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

বিএফইউজে ও ডিইউজে বলেছে, সাংবাদিকদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে তারা দাবি জানায়, সকল বকেয়া বেতন, ঈদ বোনাস ও সার্ভিস বেনিফিট অবিলম্বে পরিশোধ করতে হবে এবং চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

সংগঠন দুটি সতর্ক করে জানায়, দাবি পূরণ না হলে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad