মিরপুরে শিশু রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের বিচারের দ্রুত নিষ্পত্তি ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিক্ষোভের একপর্যায়ে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।
জুমার নামাজের পর মিরপুর-১০ এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। পরে তারা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই দাবিতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের একটি বাসায় গিয়ে রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বর এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক