বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি, ঢাকায় পৌঁছালেন আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পথে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি। শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্টাফদের স্বাগত গ্রহণ করে তিনি সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বাফুফে ইতোমধ্যে তাদের ফেসবুক পেজে ডুলিকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে।
বাফুফে সূত্রে জানা গেছে, দুই বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ নিয়োগে আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই প্রক্রিয়ায় আড়াইশ’র বেশি আবেদন থেকে একটি বাছাই কমিটি ২২ জনের তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠায়। পরবর্তীতে তা সংকুচিত করে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।
শুরুতে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ থাকলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে শেষ পর্যন্ত থমাস ডুলিকেই বেছে নেয় বাফুফে।
Thomas Dooley দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কোচ, যিনি প্রায় ৪৩ বছর ধরে ফুটবলের সঙ্গে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেন।
কোচ হিসেবে ডুলি এশিয়ার ফুটবলে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। ফিলিপাইন জাতীয় দলকে নিয়ে তিনি ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে দেন এবং দলটির সেরা র্যাঙ্কিং অর্জনে ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দলটি টানা চারটি ম্যাচেই জয় পায়।
বাফুফে মনে করছে, ডুলির অভিজ্ঞতা ও দল গঠনের সক্ষমতা বাংলাদেশের তরুণ ফুটবলারদের কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে সহায়ক হবে। নতুন এই নিয়োগকে কেন্দ্র করে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স