সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীন শেওড়াতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৪/৬-এস-এর প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৩৩৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরবর্তীতে জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স