বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ, উৎপাদন ব্যাহত
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকট দেখা দেওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে খনিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
মধ্যপাড়া খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, “বিস্ফোরক সরবরাহ না থাকায় আপাতত উৎপাদন বন্ধ রয়েছে। নতুন চালান আগামী ১৫ দিনের মধ্যে খনিতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।”
খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চালু রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিস্ফোরক সংকটের কারণে এর আগেও একাধিকবার মধ্যপাড়া খনিতে উৎপাদন বন্ধ হয়েছিল। সর্বশেষ ২০২৫ ও ২০২২ সালে একই কারণে পাথর উত্তোলন বন্ধ থাকে। এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।
২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর এটি দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি হিসেবে পরিচিত। বর্তমানে খনিটিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন এবং দৈনিক গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক