চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শরিয়তপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুর রইফ রউফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব কাজী মামুনুর রশীদ, সদস্য দেলোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি ডা. হাসান ইমাম, সদস্য সরবানী সরকার, সৈয়দপুর শাখার সভাপতি বদরুল হক ও সাধারণ সম্পাদক হাকিফুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি চিকিৎসকদের হামলার শিকার হতে হয়, তাহলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম চরম ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান বক্তারা।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক