সাংবাদিক ইন্নাকে প্রাণনাশের হুমকির : আ.লীগ নেতা সাত্তারসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে শারীরিকভাবে হামলার হুমকিও দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ‘প্রতিদিন আলোকিত’, ‘সমাচার প্রতিদিন সিরাজগঞ্জ’ ও ‘সিরাজগঞ্জ ভয়েস-Sirajganj Voice’সহ বিভিন্ন নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্যও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, চর রায়পুর মহল্লার রহমত আলীর ছেলে আলী আশরাফ এবং দত্তবাড়ি মহল্লার হারুন অর রশিদের ছেলে সোহেল রানার নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না অভিযোগে বলেন, গত ১ ও ২ এপ্রিল তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আব্দুস সাত্তারের কর্মকাণ্ড ও দুর্নীতির মামলাসংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করেন। এছাড়া ৩ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় এক ছাত্রদল নেতার গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আলী আশরাফ এর আগেও সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এ ঘটনায় গত বছরের অক্টোবর মাসে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল বলেও দাবি করা হয়। পাশাপাশি প্রেসক্লাব সভাপতির সঙ্গেও তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
শরিফুল ইসলাম ইন্না বলেন, “আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আমার ওপর কোনো ধরনের শারীরিক হামলা বা দুর্ঘটনা ঘটলে আব্দুস সাত্তার, আলী আশরাফ ও সোহেল রানাই দায়ী থাকবে।”
এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক