তাসকিন-মিরাজের তোপে চাপে পাকিস্তান, ম্যাচে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালের সেশনে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
রোববার (১৭ মে) দিনের খেলা শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। আগের দিনের স্কোরে মাত্র ১ রান যোগ হতেই ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। এরপর দলীয় স্কোরে আরও ১ রান যোগ হতে না হতেই ফেরেন আরেক ওপেনার আজান আওয়াইস। পাকিস্তানের দুই ওপেনারকেই সাজঘরে ফেরান তাসকিন।
মাত্র ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজনে মিলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ভেঙে যায় সেই প্রতিরোধ। দলীয় ৬১ রানে শান মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। এরপর দ্রুতই সৌদ শাকিলকেও আউট করে পাকিস্তানকে আরও চাপে ফেলেন মিরাজ।
৭৯ রানে ৪ উইকেট হারানোর পর বাবর আজম ও সালমান আলী আগা সতর্ক ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দলকে এগিয়ে নেন। লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। বাবর আজম ৩৭ ও সালমান আলী আগা ৬ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা রানের তুলনায় এখনো ১৮২ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে টাইগাররা।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স