রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৩৩৯২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী বাজার এলাকায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের ইমতিয়াজ মাহমুদ সুজনের ছেলে জাওয়াদ মাহমুদের বাড়ির সামনে তার একটি ব্যানার লাগানো ছিল। পরে একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে জিম হোসেন ওই ব্যানার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে জাওয়াদ মাহমুদ ও ইয়াছিন তাদের সহযোগীদের নিয়ে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভেতর থেকে জিম হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

গুরুতর আহত অবস্থায় জিম হোসেনকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ পাঠানো হয়।

জানা গেছে, জাওয়াদ মাহমুদ শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। একই সঙ্গে তিনি ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আহত জিম হোসেন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী।

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর আকন্দ বলেন,

“ঘটনার বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে রায়গঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান,

“ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad