সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক শুইচিন জিয়াংয়ের একটি ভিডিও। দুই বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র।’
অধ্যাপক জিয়াংয়ের ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী ১৫ লাখের বেশি।
২০২৪ সালে জিয়াংয়ের এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। ওই বক্তব্যে এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন; দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে।
জিয়াংয়ের প্রথম দুটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা এখন তাকে ‘চীনের নস্ট্রাডামাস’ নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন ১৬ শতকের একজন ফরাসি জ্যোতিষী।
জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশাজীবনের বড় অংশজুড়ে চীনের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন।

প্রথম দর্পণ,ডেস্ক