নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বৈশ্বিক এই আসরটি শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতের চাপে বিসিবির এই যৌক্তিক দাবি মানেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেড। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।
কোয়ালিফাই করেও বিশ্বকাপে খেলতে না পারা বাংলাদেশের প্রতি সহমর্মিতা আছে কি না— এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই কর্মকর্তা বলেন,
‘অবশ্যই আছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে।’
তিনি আরও বলেন, স্কটল্যান্ড কখনোই এভাবে বিশ্বকাপে খেলতে চায়নি।
‘বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া রয়েছে। কেউই আমন্ত্রণের মাধ্যমে এমন পরিস্থিতিতে খেলতে চায় না। আমরা বুঝি, আমাদের অংশগ্রহণ ব্যতিক্রমী পরিস্থিতির ফল। সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’
হঠাৎ করে বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়ায় স্কটিশ ক্রিকেটে চলছে তীব্র ব্যস্ততা। এ বিষয়ে লিন্ডব্লেড বলেন,
‘আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন দিনে প্রায় ২১ ঘণ্টা সক্রিয় থাকে। সাত দিনের মধ্যে স্কটল্যান্ড থেকে ভারতে দল পাঠানো মোটেও সহজ কাজ নয়। তবে আইসিসি আমাদের সহায়তা করছে। সবকিছু ঠিক থাকলে সপ্তাহের শেষেই দল ভারতের বিমানে উঠবে।’
প্রস্তুতির ঘাটতি থাকলেও বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী স্কটল্যান্ডের প্রধান নির্বাহী। তিনি বলেন,
‘আমরা সেরা দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। কিছু অঘটন ঘটাতে চাই। প্রস্তুতি কম থাকায় চাপ কিছুটা কম, তবে নিজেদের প্রত্যাশা অনেক উঁচু।’

প্রথম দর্পণ,ডেস্ক