এক আলোকদিন বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, তাকে বোঝায়। অর্থাৎ পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো সংকেত পাঠালে তা পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। একইভাবে মহাকাশযানটি থেকে পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছাতেও প্রায় এক দিন প্রয়োজন হয়। ফলে পৃথিবী ও মহাকাশযানটির মধ্যে কোনো বার্তা পাঠানো এবং তার উত্তর পাওয়ার পুরো প্রক্রিয়ায় প্রায় দুই দিন সময় লাগে।
নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া এই অর্জনকে মহাকাশের বিশালত্ব বোঝার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, অন্য নক্ষত্রব্যবস্থায় ভ্রমণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। অথচ নিজস্ব সৌরজগতের প্রান্তসীমায় পৌঁছাতেই ভয়েজার-১-এর প্রায় ৫০ বছর লেগেছে।
তিনি আরও জানান, পৃথিবীর কাছাকাছি মহাকাশে থাকা অন্যান্য নক্ষত্রব্যবস্থার দূরত্বও কয়েক আলোকবর্ষ। নাসার হিসাব অনুযায়ী, ভয়েজার-১-এর বর্তমান গতিতে এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৮ হাজার বছর সময় লাগবে।
আন্তঃনাক্ষত্রিক মহাকাশে ভয়েজার১৯৭৭ সালে ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয়। দীর্ঘ যাত্রায় মহাকাশযান দুটি সূর্যের হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে। হেলিওস্ফিয়ার হলো সূর্য থেকে নির্গত সৌরবায়ু ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে গঠিত বিশাল অঞ্চল।
ভয়েজার-২-এর ক্ষেত্রেও একই ধরনের দূরত্ব অতিক্রমের অপেক্ষা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের দিকে মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে পারে।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর বেশ কয়েকটি যন্ত্রপাতি বন্ধ করে দিয়েছেন বিজ্ঞানীরা। এর ক্যামেরাসহ কিছু সরঞ্জাম বর্তমানে নিষ্ক্রিয়। তবে মহাকাশযানটি এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি মহাকাশের চৌম্বক ক্ষেত্রসহ বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পৃথিবীতে পাঠাচ্ছে।
মহাকাশের অজানা পরিবেশ সম্পর্কে তথ্য দিচ্ছে ভয়েজারভয়েজার-১ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে নক্ষত্রগুলোর মধ্যবর্তী অঞ্চলের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাচ্ছেন গবেষকেরা। বিশেষ করে ওই অঞ্চলে থাকা গ্যাস, ধূলিকণা ও অন্যান্য পদার্থের বৈশিষ্ট্য জানতে মহাকাশযানটির পাঠানো তথ্য সহায়তা করছে।
মহাকাশযান দুটিতে রয়েছে বিশেষভাবে তৈরি ‘গোল্ডেন রেকর্ড’। প্রায় ৩০ সেন্টিমিটার ব্যাসের এসব ডিস্ক সোনার প্রলেপ দেওয়া তামা দিয়ে তৈরি। এতে পৃথিবী, মানবসভ্যতা, মানুষের কণ্ঠস্বর, সংগীত ও প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন শব্দসহ নানা তথ্য সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর হাতে পৌঁছালে যেন তারা পৃথিবী ও মানবজাতি সম্পর্কে ধারণা পেতে পারে, সেই উদ্দেশ্যেই রেকর্ডগুলো পাঠানো হয়েছে।
সৌরজগতের গ্রহ অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকাদীর্ঘ যাত্রাপথে ভয়েজার-১ ও ভয়েজার-২ সৌরজগতের বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যাত্রার প্রথম দিকে এসব গ্রহের ছবি ও বৈজ্ঞানিক তথ্য পৃথিবীতে পাঠায় মহাকাশযান দুটি।
ভয়েজার-১-এর পাঠানো বৃহস্পতির ছবিতে প্রথমবারের মতো গ্রহটির চারপাশে বলয়ের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়। একই সঙ্গে বৃহস্পতির বায়ুমণ্ডলের শক্তিশালী ঘূর্ণিবায়ু ও আবহাওয়াসংক্রান্ত নানা বৈশিষ্ট্য সম্পর্কে বিজ্ঞানীরা নতুন তথ্য পান।
প্রায় ৫০ বছর ধরে মহাকাশে ছুটে চলা ভয়েজার-১ এখনো পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে। পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রমের এই অর্জন মহাকাশ গবেষণার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। একই সঙ্গে এটি মহাবিশ্বের বিশালত্ব এবং দূরবর্তী নক্ষত্রব্যবস্থায় পৌঁছানোর ক্ষেত্রে বর্তমান মানবপ্রযুক্তির সীমাবদ্ধতাও তুলে ধরছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক