১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ বিকাল
  • ৬৮৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষর রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তবে দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশের জন্য এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে।

এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad