পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে ‘দুমকি ছাত্র-জনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম, শারমিন আক্তার স্বর্ণ ও আবু রাফি।
মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা ও ফোনে সাড়া না দেওয়ার অভিযোগ করেন। এ ছাড়া বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ব্যঙ্গ করা এবং ফ্যামিলি কার্ডের তালিকাকরণে সুপারভাইজার ও তথ্য সরবরাহকারী নিয়োগে বিএনপির লোকজনকে না রাখার অভিযোগও তোলেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে ইউএনও আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রথম দর্পণ,ডেস্ক