কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকার দুই সিটি করপোরেশন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ মে ২০২৬, ০৬:০৯ বিকাল
  • ১০০৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকার দুই সিটি করপোরেশন

রাজধানীতে ঈদুল আজহার পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। নগরী পরিচ্ছন্ন রাখতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই বিভিন্ন এলাকায় একযোগে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের কর্মীরা পিকআপভ্যান, ঠেলাগাড়ি ও ডাম্পিং ট্রাক নিয়ে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। সংগৃহীত বর্জ্য দ্রুত ছোট যানবাহন থেকে বড় ট্রাকে স্থানান্তর করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার পবিত্রতা রক্ষা ও পরিবেশ দূষণ প্রতিরোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণে তারা কাজ করছে। এ কার্যক্রম তদারকিতে মাঠে রয়েছেন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

স্থানীয় বাসিন্দারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণ কার্যক্রম দ্রুতগতিতে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই নগরী পরিষ্কার করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নগর কর্তৃপক্ষ নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পলিথিন ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে কোরবানি সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে। এতে প্রায় ৫৪ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির মধ্যেও নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। খুব দ্রুতই পুরো নগরী বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad