ভাঙাচোরা স্থাপনা ও সেবার সংকটে পর্যটক হারাচ্ছে শেরপুরের জনপ্রিয় বিনোদনকেন্দ্রপ্রবেশমূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। কিন্তু বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা, হয়নি অবকাঠামোগত উন্নয়ন। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন স্থাপনা। নেই পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা। ফলে বাড়তি টাকা দিয়েও প্রত্যাশিত সেবা না পেয়ে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা।স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এ পার্ক থেকে সরকার প্রায় কোটি টাকা রাজস্ব পেলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। একসময়ের আকর্ষণীয় বিনোদনকেন্দ্রটি এখন অব্যবস্থাপনা ও অবহেলায় তার জৌলুস হারাচ্ছে। দ্রুত সংস্কার, আধুনিকায়ন ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুরা।৩৮০ একর বনভূমিতে পার্কের যাত্রাভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক। ১৯৯৯ সালে বন বিভাগের উদ্যোগে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কটির যাত্রা শুরু হয়।সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় পার্কটির প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন হয় ২০০৪ সালে। পরবর্তী সময়ে তৎকালীন হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর উদ্যোগে নির্মিত হয় আরও বেশ কিছু স্থাপনা।একসময় পার্কটিতে ছিল সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, পাহাড়ে ওঠার সিঁড়ি, আঁকাবাঁকা পাহাড়ি পথে চলাচলের ওয়াকওয়ে, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা। নিরাপত্তাকর্মীদের জন্য ছিল ব্যারাকও। এসব আকর্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই পর্যটকেরা ছুটে আসতেন।সংস্কারের অভাবে হারাচ্ছে আকর্ষণ২০০৪ সালের পর থেকে পার্কটির অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ চোখে পড়েনি। পরবর্তী সময়ে ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনার কথা শোনা গেলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি।দীর্ঘদিন সংস্কার না করায় একসময়ের আকর্ষণীয় শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা পুরোপুরি বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থাপনার পলেস্তারা খসে পড়ছে, উঠে গেছে রং। অনেক স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা।প্রবেশমূল্য বেড়েছে পাঁচ গুণপার্কটির প্রবেশমূল্য গত বছর ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ একবারে পাঁচ গুণ বাড়ানো হয়েছে প্রবেশ ফি। তবে বাড়তি ফির সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার মান বা অবকাঠামোগত সুবিধা বাড়েনি।দর্শনার্থীদের অভিযোগ, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশের কারণে মধুটিলা ইকোপার্কের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো, পরিচ্ছন্নতা ও বিনোদন সুবিধার অভাবে পার্কটি ক্রমেই আকর্ষণ হারাচ্ছে। বাড়তি টাকা খরচ করেও প্রত্যাশিত পরিবেশ না পেয়ে অনেকে হতাশ হচ্ছেন। কেউ কেউ পার্কের বেহাল অবস্থা দেখে প্রবেশ না করেই ফিরে যাচ্ছেন।তাঁদের মতে, প্রবেশমূল্য বাড়ানোর আগে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি ছিল।সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছেপার্কটির বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম। তিনি বলেন, পার্কের বিভিন্ন স্থাপনা সংস্কার ও উন্নয়ন করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।এদিকে গত ১০ অক্টোবর মধুটিলা ইকোপার্ক পরিদর্শন ও মতবিনিময় সভায় পার্কটির আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।তবে সেই আশ্বাসের বাস্তবায়ন কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পর্যটকদের প্রত্যাশা, দ্রুত সংস্কার ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে মধুটিলা ইকোপার্কের হারানো ঐতিহ্য ও আকর্ষণ ফিরিয়ে আনা হবে।