আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে ৩-৪ ঘণ্টার বৈঠক; চোখের সমস্যাও রয়েছে, তবে মানসিকভাবে দৃঢ় থাকার কথা জানিয়েছেন আইনজীবীপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারাগারে তাঁর রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। পাশাপাশি চোখের সমস্যায়ও ভুগছেন তিনি। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সরদার লতিফ খোসা।বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।আইনজীবী লতিফ খোসা জানান, ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে তিনি ও আইনজীবী সালমান সাফদার কারাগারে ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে প্রায় তিন থেকে চার ঘণ্টা আলোচনা হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তাঁর বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার আইনি বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়।লতিফ খোসা বলেন, ইমরান খানের রক্তচাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাঁর চোখের সমস্যাও রয়েছে। বিশেষ করে রক্তচাপের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন রয়েছেন এবং নিজের অবস্থানে দৃঢ় আছেন।তিনি আরও জানান, সাক্ষাতের বিষয়ে বৃহস্পতিবার একটি লিখিত প্রতিবেদন প্রকাশ করা হবে। ওই প্রতিবেদনে বৈঠকের আলোচ্য বিষয় ও ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।সংবিধান সংশোধনী নিয়েও আলোচনাকারাগারে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন লতিফ খোসা। তবে এ বিষয়ে ইমরান খানের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।কারাগার সূত্রের বরাতে জানা গেছে, আদিয়ালা কারাগারের সম্মেলনকক্ষে আইনজীবীদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় তাঁদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারাধীন আপিল এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশেই আইনজীবীদের এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। তবে কারাগারে প্রবেশের আগে সালমান সাফদার ও সরদার লতিফ খোসাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাতের আগে তাঁরা প্রায় দুই ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থান করেন।ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আইনজীবীর এই বক্তব্যের পর তাঁর স্বাস্থ্য ও কারাগারে চিকিৎসার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।