ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত নৈপুণ্যে অসামান্য সাফল্য পেয়েছেন অনেক কিংবদন্তি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও তাঁদের কারও ক্যারিয়ারেই ধরা দেয়নি বিশ্বকাপের ট্রফি। এমনই ১২ জন কিংবদন্তি ক্রিকেটারকে বিশ্বকাপ না জেতা সেরাদের তালিকায় রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে প্রকাশিত নিজের এক কলামে এই ক্রিকেটারদের বেছে নেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ইনজামাম। তাঁর মতে, তালিকায় থাকা প্রত্যেক ক্রিকেটারেরই অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য ও যোগ্যতা ছিল।১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণা করে ইনজামাম লিখেছেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা জয়ের রাতটি তাঁর ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্বকাপ জয়ের আগে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পরিচিতি খুব বেশি না থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। তবে যেসব কিংবদন্তি ক্রিকেটার বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি, তাঁদের কথা ভাবলে এখনো তাঁর খারাপ লাগে।ইনজামামের নির্বাচিত ১২ ক্রিকেটার হলেন—১. সাঈদ আনোয়ার (পাকিস্তান)পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারকে নিজের পছন্দের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটার মনে করেন ইনজামাম। তাঁর মতে, সাঈদের ব্যাটিংয়ে সৌন্দর্য ও শক্তির অসাধারণ সমন্বয় ছিল। ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাঁর সেঞ্চুরির পাশাপাশি ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংস এবং ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা শতকের কথাও উল্লেখ করেছেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে সাঈদের শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যায়।২. সৌরভ গাঙ্গুলী (ভারত)ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়েছে বলে মনে করেন ইনজামাম। বিশেষ করে অফ সাইডে সৌরভের ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়কে সৌরভের বিশ্বকাপ না জেতার অন্যতম বড় আক্ষেপ হিসেবে দেখেছেন ইনজামাম।৩. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)ইনজামামের চোখে সর্বকালের সেরা বাঁহাতি ব্যাটারদের একজন ব্রায়ান লারা। তাঁর মতে, টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট—যেকোনো সংস্করণের বিশ্ব একাদশ গঠন করলেও লারা থাকতেন পছন্দের তালিকায়। বিশেষ করে রান তাড়া করার সময় তাঁর অসাধারণ সামর্থ্য এবং মাঠের চারপাশে শট খেলার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে লারার বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরা থেকে যায়।৪. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সমান দক্ষতার কারণে তাঁকে বিশেষভাবে মূল্যায়ন করেন ইনজামাম। তাঁর মতে, ক্যালিসের সামর্থ্য কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনীয়। ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি দলটি।৫. মার্টিন ক্রো (নিউজিল্যান্ড)নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোকে নিজের সর্বকালের প্রিয় ক্রিকেটারদের একজন বলেছেন ইনজামাম। পেস ও স্পিন—উভয় ধরনের বোলিংয়ের বিপক্ষেই তাঁর ব্যাটিং কৌশল ছিল অসাধারণ। ১৯৯২ বিশ্বকাপে ক্রোর নেতৃত্ব ও দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। তবে সেই সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে।৬. রাহুল দ্রাবিড় (ভারত)‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় ছিলেন ভারতের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ। প্রায় ১১ হাজার ওয়ানডে রান করা এই ব্যাটার সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের সঙ্গে মিলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়ে তুলেছিলেন। ইনজামামের মতে, দ্রাবিড়ের বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ২০০৩ সালে। কিন্তু ফাইনালে রিকি পন্টিংয়ের দুর্দান্ত ইনিংসে ভারতের স্বপ্ন ভেঙে যায়।৭. ইয়ান বোথাম (ইংল্যান্ড)ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামকে নিজের দেখা অন্যতম আক্রমণাত্মক ক্রিকেটার মনে করেন ইনজামাম। ব্যাট ও বল—দুই হাতেই অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তিনি। পাশাপাশি স্লিপে ক্যাচ ধরার দক্ষতাও ছিল উল্লেখযোগ্য। ইনজামামের মতে, ১৯৮৩ বিশ্বকাপে বোথামের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ ছিল। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে তাঁকে দ্রুত আউট করতে পারায় পাকিস্তান ভাগ্যবান ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।৮. অনিল কুম্বলে (ভারত)ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের বোলিংয়ের প্রধান শক্তি ছিল নিয়ন্ত্রণ ও নিখুঁত লাইন-লেংথ। বল খুব বেশি ঘোরাতে না পারলেও ধারাবাহিকভাবে চাপ তৈরি করতে পারতেন তিনি। সহায়ক উইকেটে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার সামর্থ্য ছিল তাঁর। ইনজামামের মতে, ২০০৩ বিশ্বকাপে ভারতের পরাজয়ের মধ্য দিয়ে কুম্বলের বিশ্বকাপ জয়ের আশাও শেষ হয়ে যায়।৯. ওয়াকার ইউনিস (পাকিস্তান)ওয়াকার ইউনিসের বিশ্বকাপ না জেতার ঘটনাটি ইনজামামের কাছে বিশেষভাবে বেদনাদায়ক। ১৯৯২ বিশ্বকাপে পিঠের চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল ওয়াকারকে। পাকিস্তান বিশ্বকাপ জয়ের পর ইসলামাবাদ বিমানবন্দরে দলের বাইরে দাঁড়িয়ে তাঁর কান্নার দৃশ্যের কথা স্মরণ করেছেন ইনজামাম। ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকারের বোলিং জুটিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর জুটি হিসেবে উল্লেখ করেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হার এবং ২০১১ সালে ভারতের কাছে সেমিফাইনালে পরাজয়ের সময়ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি ওয়াকারের।১০. অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা)দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডের গতি প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল ইনজামামকে। পরবর্তী সময়ে রিভার্স সুইংয়েও দক্ষ হয়ে ওঠেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরুর দিকের সাফল্যে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে ১৯৯২ বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর ক্যাচ হাতছাড়া এবং নাটকীয় সেমিফাইনালের টাই—একের পর এক ঘটনা তাঁকে বিশ্বকাপের শিরোপা থেকে দূরে রেখেছে।১১. কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টলি অ্যামব্রোসের উচ্চতা, গতি ও নিখুঁত লাইন-লেংথ তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। দুই দিকে বল সুইং করানোর দক্ষতায় বিশ্বের যেকোনো প্রান্তে ব্যাটারদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিলেন তিনি। কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যামব্রোস। ১৯৯৬ বিশ্বকাপে তাঁরও শিরোপা জয়ের সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা অধরা থেকে যায়।১২. জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা)তালিকার শেষ নামটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের। ইনজামামের মতে, শুধু ফিল্ডিং দক্ষতার কারণেই যেকোনো দলের একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল তাঁর। রোডস মাঠে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের রান হিসাবেও সতর্ক থাকতে হতো। তাঁর অসাধারণ অ্যাথলেটিক দক্ষতা শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই প্রভাব ফেলেনি, বরং ক্রিকেটে ফিল্ডিংয়ের প্রতি পুরো দলের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল।বিশ্বকাপের আক্ষেপ, স্মৃতিতে ওয়াকারের কান্নাকলামের শেষাংশে ইনজামাম বলেছেন, এই ১২ ক্রিকেটার ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং দিয়ে নিজেদের সময়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। প্রত্যেকেরই বিশ্বকাপ জয়ের সামর্থ্য ছিল। কিন্তু ক্রিকেটে সব সময় যোগ্যতা অনুযায়ী সাফল্য আসে না।১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন ইনজামাম। মেলবোর্নের সেই শিরোপা জয়ের স্মৃতি তাঁর কাছে আজও অমূল্য। তবে ইসলামাবাদ বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলের বাইরে থাকা ওয়াকার ইউনিসের কান্নার দৃশ্য তাঁকে মনে করিয়ে দেয়, শিরোপা জয়ের আনন্দ যেমন অসাধারণ, তেমনি সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার বেদনাও গভীর।