জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের পশ্চিম বিহারপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, নাশকতার কোনো পরিকল্পনা নয়, তাঁরা সেখানে পিকনিকের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন।মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।পুলিশের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন।অভিযানকালে ঘটনাস্থল থেকে নয়টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নাশকতার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় তাঁদের পরে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অন্যদিকে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনরা পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, নাশকতার উদ্দেশ্যে নয়, কেবল পিকনিক করার জন্যই তাঁরা ওই বাড়িতে সমবেত হয়েছিলেন।