গোদাগাড়ীতে চার শতাধিক কৃষকের অবরোধ, প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়লেন তাঁরাগোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তাঁরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তাঁরা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন। সারসংকটের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান।সার বিক্রি নিয়ে অসন্তোষ, অবরোধে কৃষকেরাস্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে।মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান ওই সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় কৃষকের উপস্থিতি বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কা থেকে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।ডিলারশিপ নিয়ে বিরোধের অভিযোগসার নিয়ে কোনো সংকট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তাঁর অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের জন্য আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন বলে দাবি করেন তিনি।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, কৃষকদের শান্ত করতে গিয়ে তিনি উল্টো গালাগাল, ধাক্কা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। তাঁর দাবি, সেখানে চার থেকে পাঁচশ কৃষক বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল।চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাসইউএনও ইসরাত জাহান বলেন, প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করেন। তাঁদের কিছু অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, কৃষকেরা পর্যাপ্ত সার সরবরাহের দাবি জানিয়েছেন। যেসব কৃষক চাষাবাদ শুরু করেছেন, তাঁদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। ওই তালিকা অনুযায়ী সবাইকে সার সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। পরে কৃষকেরা অবরোধ তুলে নেন