জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।রোববার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করেন।মুঠোফোনে ছবি ও কথোপকথন পাওয়ার দাবিজাবি শাখা ছাত্রদল সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শারমিন আক্তার সাথীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করেন সাইফুল। এ বিষয়ে কথা বলতে কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী তাঁর দোকানে যান। সেখানে অভিযোগ অস্বীকার করলে তাঁর মুঠোফোন পরীক্ষা করা হয়।ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, সাইফুলের মুঠোফোনের গ্যালারিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে তাঁর একটি ছবি পাওয়া যায়। এ ছাড়া মুঠোফোনের গ্যালারি, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন পর্যালোচনা করে জাহাঙ্গীরনগর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পোস্টার লাগানোর বিষয়ে তথ্য পাওয়া গেছে।তাঁদের দাবি, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. সোহেল রানার সঙ্গেও সাইফুলের যোগাযোগের তথ্য রয়েছে। কোরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর বিষয়ে সোহেল রানার সঙ্গে তাঁর কথোপকথন ছিল বলেও দাবি করেন তাঁরা।সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবিছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, ফুটবল বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসের কয়েকটি স্থানে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট স্থানগুলোর আশপাশে সাইফুলকে দেখা গেছে বলে তাঁদের দাবি।নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, ফুটেজ থেকে নেওয়া ছবির সঙ্গে সাইফুলের বর্তমান চেহারা মিলিয়ে তাঁকে শনাক্ত করা হয়েছে।অভিযোগ অস্বীকার সাইফুলেরতবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আমার বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়েছি। কিন্তু জাহাঙ্গীরনগরে কিছু করিনি।’পাবিপ্রবিতে পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি সাভার থেকে পোস্টার প্রিন্ট করাতাম। গাড়ি দিয়ে পাবনায় পাঠাতাম। সেখানে আমার সংগঠনের লোকেরা পোস্টার লাগাত।’সাইফুল পাবিপ্রবির ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। চলতি বছরের ৩১ জুলাই ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তিনি জাবির ট্রান্সপোর্ট চত্বরে মায়ের সঙ্গে একটি দোকান পরিচালনা করতেন।পুলিশের কাছে হস্তান্তর, মামলা করবে প্রশাসনঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করে। সহকারী প্রক্টর আব্দুস সাত্তার জয় জানান, সাইফুল নিজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম চালানোর কথা অস্বীকার করেছেন। তাঁর মুঠোফোনে পাওয়া কথোপকথন ও ছবির ভিত্তিতে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা সাইফুলকে আটক করে মুঠোফোন পরীক্ষা করেন। ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ সময় তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সাইফুলের বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।