ডিলার পয়েন্টে সার নিতে কৃষকদের ভিড় থেকে বিশৃঙ্খলা; ইউএনওর মাইকিং—নির্ধারিত সময়ে সার ফেরত বা দাম পরিশোধ না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থাপাবনার চাটমোহরে সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে পুলিশ ও ডিলারের লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউনে এ ঘটনা ঘটে।ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সার নিতে ভিড়, একপর্যায়ে উত্তেজনাস্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে ছাইকোলা বাজারে ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার। তাঁর পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমো করা হয়।এদিকে একই এলাকায় বিএডিসির অপর দুই ডিলার হবিবুর রহমান ও রহমত আলীর পয়েন্টের সার শেষ হয়ে যায়। পরে ওই দুই পয়েন্টের হাজারো কৃষক প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে ভিড় করেন। ভোর থেকেই সেখানে সার নিতে বিপুলসংখ্যক কৃষক লাইনে দাঁড়িয়েছিলেন।একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যান। বাধা দিতে গেলে পুলিশ ও ডিলারের লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে গোডাউনের অবশিষ্ট সার রক্ষা করা সম্ভব হয়।সারসংকট নেই, বলছে কৃষি বিভাগউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ ব্যক্তিরা আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন। উপজেলায় সারের কোনো সংকট নেই। বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বাকি সার লুটের হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সার ফেরত দিতে মাইকিংইউএনও খালিদ হাসান বলেন, কোথাও সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। লুট হওয়া সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার ফেরত বা টাকা পরিশোধ না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।