বিশ্বে ৩৩ বছরে আক্রান্ত বেড়েছে ৭১ শতাংশ, এশিয়ায় বাড়ছে রোগের প্রকোপবর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ১৮ লাখ মানুষ অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা নামের দুটি খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। ২০২৩ সালে বিশ্বে এ দুটি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৮১ লাখ। ১৯৯০ সালের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৭১ শতাংশ।চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষকদের মতে, রোগের বর্তমান প্রবণতা ও জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তনের ভিত্তিতে তৈরি এ হিসাব ভবিষ্যতে চিকিৎসাসেবার চাহিদা নির্ধারণ এবং মানসিক স্বাস্থ্যসেবা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বুলিমিয়ায় আক্রান্তের সংখ্যা বেশিগবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১ কোটি ৪২ লাখ মানুষ বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ছিলেন। একই সময়ে অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৯ লাখ।অ্যানোরেক্সিয়া নার্ভোসা এমন এক ধরনের খাদ্যাভ্যাসজনিত মানসিক ব্যাধি, যেখানে আক্রান্ত ব্যক্তি ওজন বেড়ে যাওয়ার অতিরিক্ত ভয়ে খাবার গ্রহণ মারাত্মকভাবে সীমিত করেন। এ রোগে নিজের শরীর ও ওজন সম্পর্কে বিকৃত ধারণাও তৈরি হতে পারে।অন্যদিকে, বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ব্যক্তিরা বারবার অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করেন। পরে ওজন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বমি করা কিংবা অন্যান্য অস্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ করেন। উভয় রোগই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।এক বছরে সুস্থ জীবনের ৩৮ লাখ বছর হারিয়েছে বিশ্বগবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালে অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়া নার্ভোসার কারণে বিশ্বজুড়ে প্রায় ৩৮ লাখ বছর সুস্থ জীবন হারিয়েছে মানুষ। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হওয়া সময় এবং অকালমৃত্যুর কারণে হারানো জীবনকাল—দুই বিষয়ই এ হিসাবের অন্তর্ভুক্ত।বয়সভেদে রোগ দুটির প্রবণতাতেও পার্থক্য রয়েছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসায় ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীরা বেশি আক্রান্ত হয়। অন্যদিকে, ৩০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বুলিমিয়া নার্ভোসার প্রবণতা তুলনামূলক বেশি।গবেষণার তথ্যে আরও দেখা গেছে, এ দুটি রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশই নারী।পূর্ব ও দক্ষিণ এশিয়ায় বাড়ছে আক্রান্তের হারঅঞ্চলভিত্তিক বিশ্লেষণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পশ্চিম ইউরোপে রোগ দুটির প্রকোপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। তবে ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে পূর্ব ও দক্ষিণ এশিয়ায় আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।গবেষণায় বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য গ্লোবাল বারডেন অব ডিজিজ (জিবিডি) গবেষণা, বিভিন্ন জনস্বাস্থ্য জরিপ, প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণা এবং মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করেছেন গবেষকেরা।তবে অঞ্চলভেদে আক্রান্তের হারের পার্থক্যের পেছনে চিকিৎসাসেবার সুযোগ, বিশেষায়িত স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং রোগ শনাক্তের সক্ষমতাও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব দেশে পর্যাপ্ত জরিপ ও চিকিৎসাসুবিধা নেই, সেখানে অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।পূর্বাভাস মানেই নিশ্চিত ভবিষ্যৎ নয়গবেষণায় ২০৫০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখে পৌঁছানোর যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা বর্তমান রোগের প্রবণতা ও জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তনের ওপর ভিত্তি করে তৈরি। ফলে এটিকে নিশ্চিত ভবিষ্যৎ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা যাবে না।এ ছাড়া গবেষণায় শুধু অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা—এই দুটি রোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগের অন্য ধরনগুলো এতে বিবেচনায় নেওয়া হয়নি। তাই এ পূর্বাভাস দিয়ে সব ধরনের খাদ্যাভ্যাসজনিত রোগের সামগ্রিক চিত্র পাওয়া সম্ভব নয়।গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব রোগের ঝুঁকি মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়ানো জরুরি। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ এশিয়ার মতো যেসব অঞ্চলে আক্রান্তের হার বাড়ছে, সেখানে জনসচেতনতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।