জলবায়ু অর্থায়ন ও অভিযোজন প্রকল্পের স্বচ্ছতা-জবাবদিহি পর্যবেক্ষণে গুরুত্ব দেবেনবিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন।সম্মেলনে নিজের অংশগ্রহণের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবিও তুলবেন।মনিরা শারমিন বলেন, তাদের উদ্দেশ্য কেবল সরকারের সমালোচনা করা নয়। বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ুনীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চান।জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতামনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। কর্মজীবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন।এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।কপ-৩১ সম্মেলনে তার অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষের অবস্থান ও জলবায়ু নীতির জবাবদিহির বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।