ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। রাত ও ভোরে বাড়ছে ঠান্ডার অনুভূতি, ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশার। এরই মধ্যে সোমবার (৯ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।দিনের বেলায় তীব্র রোদে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করছে। রাতের শেষ ভাগ ও সকালে ঠান্ডার প্রকোপ বেশি থাকছে। আবহাওয়ার এমন পরিবর্তনে অনেকেই শীতের পোশাক, লেপ ও কম্বল ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন।আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতাদিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।হাসপাতালে চিকিৎসা নিতে আসা আসিফ আলী জানান, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তার পরিবারের একটি শিশু সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করলেও পরে শিশুটিকে হাসপাতালে নিতে হয়েছে।আরেক রোগী হাবিব হাসান বলেন, দিনের বেলায় রোদের কারণে গরম লাগলেও সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর খাপ খাওয়াতে না পেরে কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন। এ কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শচিকিৎসকদের পরামর্শ, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম পোশাক পরতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ক্রমেই কমছে। রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে।