চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সি শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে উত্তর হারবাংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।পরে সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সি শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সি মেয়ে আরিশা জান্নাত এবং অটোরিকশাচালক জাফর আলম গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী। তিন মাস আগে দেশে ফিরেছেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।নিহতের ভাগিনা ও দৈনিক যুগান্তরের বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান জানান, দুপুরে মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে কোনো একটি দ্রুতগতির যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি সরাসরি কেউ দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় মাহবুবুর রহমান গুরুতর আহত হন।চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারবাং স্টেশনে সেনাবাহিনীর ডাবল কেবিন পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সি শিশুটি মারা যায়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তথ্যসূত্র: (কক্সবাজার) প্রতিনিধি; প্রকাশিত প্রতিবেদন, ৮ নভেম্বর ২০২৬।