রাজধানীতে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই)। শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) এ প্রদর্শনীর আয়োজন করছে। ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে তিন দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি।রোববার (৮ নভেম্বর) প্রকাশিত আয়োজকদের সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়।আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শিল্পনিরাপত্তা এবং সংশ্লিষ্ট আধুনিক পণ্য ও সেবা প্রদর্শিত হবে।এ আয়োজনের মাধ্যমে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও নিরাপত্তা খাতের পেশাজীবীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। পাশাপাশি আধুনিক নিরাপত্তাপ্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।ইএসএসএবির প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.) বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পৃক্ত। আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক, বিনিয়োগ ও সম্পদের সুরক্ষা বাড়বে।তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করবে।