এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তাব; সংশোধিত বিধিমালার পর চূড়ান্ত সিদ্ধান্তবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নবম পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা যুক্ত করে তিন ধাপে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনেও পরিবর্তন আসতে পারে।এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের পরই পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও সময়সূচি চূড়ান্ত করা হবে।তিন ধাপে হতে পারে পরীক্ষাপ্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হতে পারে। প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। পাসের জন্য প্রয়োজন হবে ৪০ শতাংশ নম্বর।প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষার সময় হবে তিন ঘণ্টা। এ ধাপে উত্তীর্ণদের শেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।সিলেবাসে চার বিষয়, নম্বর ১০০প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তাবিত সিলেবাসে চারটি বিষয় অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।তবে প্রস্তাবিত এই সিলেবাস ও নম্বর বণ্টন এখনো চূড়ান্ত নয়। বিধিমালা সংশোধন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।নিবন্ধনের পরিবর্তে সরাসরি নিয়োগএবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নিয়োগপ্রক্রিয়ায়। আগের মতো শুধু শিক্ষক হিসেবে যোগ্যতা যাচাইয়ের জন্য নিবন্ধন সনদ দেওয়া হবে না; বরং পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হবে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হচ্ছে।এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৩ সালের ৪ নভেম্বর। প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন নিয়োগ পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।তবে ডিসেম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও বিধিমালা সংশোধনের ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।