ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের শনিরকান্দি এলাকায় শত বছরের পুরোনো একটি সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের বিরুদ্ধে। এতে প্রায় ৩৫টি পরিবার চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।স্থানীয় সূত্রে জানা যায়, চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনিরকান্দি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি জাহানারা বেগম রাস্তাটিকে নিজের জমি দাবি করে সেখানে গাছ রোপণ করেন। এতে রাস্তাটির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা। এমনকি জরুরি প্রয়োজনে রোগীদের বাড়ি থেকে বের করতেও প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এ রাস্তা দিয়ে তাঁদের পূর্বপুরুষেরাও চলাচল করেছেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এটি ব্যবহার করে আসছেন। হঠাৎ করে জাহানারা বেগম রাস্তাটিকে নিজের সম্পত্তি দাবি করে দখল করেছেন। তাঁর ভাষ্য, তাঁর স্ত্রী স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। সম্প্রতি রাস্তার ওপর গাছ রোপণ করায় কয়েকজনের সহযোগিতায় অনেক কষ্টে তাঁকে বাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য ভোলায় নিতে হয়েছে।স্থানীয় বাসিন্দা কোহিনুর বেগম অভিযোগ করেন, রাস্তা দখল করে গাছ রোপণ করায় তাঁরা গবাদিপশু নিয়েও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। রাস্তা দিয়ে চলাচলের সময় গালিগালাজ করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন এলাকাবাসী।তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহানারা বেগম। তাঁর দাবি, তিনি নিজের জায়গায় গাছ রোপণ করেছেন। এতদিন অন্যরা তাঁর জমি দখল করে রাস্তা হিসেবে ব্যবহার করেছেন।এ বিষয়ে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম বুলু বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান জানান, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার প্রকৃত অবস্থান ও মালিকানা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে দীর্ঘদিনের চলাচলের পথটি আবারও সবার জন্য উন্মুক্ত করা যায়।