বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দফায় শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ওই নেতা। পাল্টা ঘটনায় পরদিন আরেক শিক্ষার্থীকে মারধরের অভিযোগও উঠেছে।শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর বিকেল ৪টার দিকে বন্ধুর সঙ্গে দেখা করতে সোহরাওয়ার্দী হলের এ ব্লকের ১০২ নম্বর কক্ষে যান ঈশা খাঁ হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী এস এম মেরাজুল আনোয়ার সিয়াম। সেখানে কৃষি অনুষদের ৬৫ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান ইমনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন তাঁকে চড়, কিল ও ঘুষি মারেন বলে অভিযোগ করেন সিয়াম। এতে তাঁর ডান চোখের নিচে গুরুতর আঘাত ও কালশিটে পড়ে।সিয়ামের অভিযোগ, ঘটনার সময় সোহরাওয়ার্দী হলের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলেন তিনি।ঘটনার পর নিজ হলের সহপাঠী ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিষয়টি জানান সিয়াম। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী সোহরাওয়ার্দী হলের ১০২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মুগ্ধ বলেন, প্রথমে নাজমুল সিয়ামের পরিচয় জানতে চান। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ঘটে। এতে নাজমুলের আঘাত সিয়ামের চোখের নিচে লাগে। পরে তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সিয়াম হলের উদ্দেশে চলে যান।অভিযুক্ত নাজমুল হাসান ইমন বলেন, সিয়ামকে বারবার পরিচয় জানতে চাইলেও তিনি উত্তর না দিয়ে উসকানিমূলক মন্তব্য করেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।পরদিন আরেক শিক্ষার্থীকে মারধরের অভিযোগপ্রথম ঘটনার রেশ ধরে গত ৪ নভেম্বর সোহরাওয়ার্দী হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে মারধরের অভিযোগ ওঠে ঈশা খাঁ হলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।জানা যায়, ওই দিন করিম ভবনে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে আটকে রাখার খবর পেয়ে তাঁকে ছাড়াতে কয়েকজন শিক্ষার্থী সেখানে যান। তাঁদের মধ্যে ইয়ামিনও ছিলেন। পরে করিম ভবনের সামনের একটি খাবারের দোকানে দুপুরের খাবার খাওয়ার সময় ঈশা খাঁ হলের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী এসে তাঁর হলের পরিচয় জানতে চান। সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী পরিচয় জানার পর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ইয়ামিন।ইয়ামিন বলেন, জুনিয়র এক শিক্ষার্থীকে ছাড়াতে তিনি সেখানে গিয়েছিলেন। আগের দিনের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে খাবারের দোকানে গেলে একদল শিক্ষার্থী তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় তিনি প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছেন।তাঁর বিরুদ্ধে আগের দিনের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইয়ামিন বলেন, ৩ নভেম্বরের ঘটনার সময় তিনি হলে উপস্থিত ছিলেন না। অথচ পরদিন তাঁকে মারধরের পর তাঁর বিরুদ্ধেই ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতারছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু সিয়ামকে মারধরের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগে যে সময় তাঁকে সোহরাওয়ার্দী হলে উপস্থিত থাকার কথা বলা হয়েছে, সে সময় তিনি সেখানে ছিলেন না। হলের উচ্চ রেজল্যুশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হবে।মিজু আরও বলেন, ঘটনার পর তিনি বিষয়টি জানতে পেরেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কেউ তাঁর পরিচিত নন। তাই তাঁকে ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করার কোনো ভিত্তি নেই। অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।৪ নভেম্বর ইয়ামিনের ওপর হামলার বিষয়ে মিজু বলেন, তাঁরা এক জুনিয়রকে সহায়তা করতে করিম ভবনে গিয়েছিলেন। ফেরার পথে খাবারের দোকানে গেলে তাঁদের সঙ্গে থাকা ইয়ামিনের ওপর অতর্কিত হামলা হয়। এ ঘটনায় তাঁরাও লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।তদন্ত করছে প্রক্টরিয়াল বডিবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, সিয়ামের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঈশা খাঁ হলের জুনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী হলের এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।তিনি বলেন, সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রক্টরিয়াল বডি কাজ করছে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।