শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সাবেক রাকসু জিএসের পরিবেশনাচট্টগ্রামে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে গান পরিবেশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জামালখান এলাকায় ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে তিনি এ গান পরিবেশন করেন।সমাবেশে গান পরিবেশনের সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন ব্যঙ্গাত্মক বক্তব্য দেন আম্মার। এ সময় সমাবেশে ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়’ স্লোগানও দেন উপস্থিত নেতাকর্মীরা।আম্মারের গাওয়া গান ও বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।এর আগে শুক্রবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকায় গিয়ে শেষ হয়।শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে এ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে সমাবেশের মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আম্মার। এ সময় ব্যঙ্গাত্মক সুরে তিনি গান গেয়ে শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘ও হাসিনা, গেছোস কিনা ভুইলা আমারে? আমি এহন মিছিল করি টর্চের আলোতে, ও আমি এহন মিছিল করি রাইতের আঁধারে, ও হাসিনা গেছোস কিনা ভুইলা আমারে।’সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।