সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্র পরিচালনা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানালেও এভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।শুক্রবার (৬ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নন। কারও বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে। আইন অনুযায়ী পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হ্যান্ডকাফও পরাতে পারে। তবে আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের অভিযান কিংবা প্রকাশ্যে গ্রেপ্তারের নামে মহড়া দেওয়ার এখতিয়ার নেই।ডিবি পুলিশের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ডিবির পূর্ণরূপ ডিটেকটিভ ব্রাঞ্চ। তাদের কাজ গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্যে পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা তাদের কাজ নয়। এ ধরনের আচরণকে তিনি অপেশাদারসুলভ বলে প্রশ্ন তোলেন।সরকারের প্রতি সহযোগিতার অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। তাঁরাও সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো অন্যায় বরদাশত করা হবে না। জনগণের সঙ্গে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বক্তব্যের শেষাংশে সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘সরকারকে ধন্যবাদ, সরকারকে সাধুবাদ; তবে এভাবে রাষ্ট্র চলবে না, এভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না।’