১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার আলটিমেটাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফশিল আগামী ১০ নভেম্বরের মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, রাকসুর ১৭তম কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচনের তফশিল ঘোষণার ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই। রাকসু সংবিধানের ১০ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সিন্ডিকেটের অনুমোদনক্রমে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন আয়োজনের দায়িত্ব উপাচার্যের।এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ১০ নভেম্বর ২০২৬ সালের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।স্মারকলিপি হস্তান্তরের সময় রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।