১১৮ সদস্যকে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ, বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো এ উদ্যোগদাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১৮ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দল।বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ পরিচালনা করে। গত ১ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কৌশল ও পদ্ধতি শেখানো হয়।অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণ বাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দেশের যেকোনো স্থানে জনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, বাহিনীর আধুনিক সরঞ্জাম ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি ইউনিটের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।এদিকে একই অনুষ্ঠানে ২৮ দিনব্যাপী উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। এ প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষকরা দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, প্রশিক্ষক এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।