জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, বিএনপির দলীয় কোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে প্রশাসন কার্যত অসহায় হয়ে পড়েছে। ফলে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি এখন সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সংসদের ভেতরে ও বাইরে তুলে ধরা হয়েছে জানিয়ে নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে।তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আগে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না।মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিতদেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর গুলি চালানো হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে তাঁরা হামলার শিকার হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন।এনসিপির আহ্বায়ক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন পুরোনো কায়দায় এবং ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে।শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বানচলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের শুরু থেকেই এনসিপি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ১২ হাজার ৫০০ টাকা মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় পে-স্কেল বৃদ্ধি, গ্যাস ও জ্বালানির দাম এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই শ্রমিকদের দাবিকে যৌক্তিক বলে মনে করে এনসিপি।তিনি অভিযোগ করেন, শ্রমিকদের দাবির প্রতি সরকার যথাযথ গুরুত্ব দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনকে আন্দোলন হিসেবে না দেখে দুর্বৃত্তদের নাশকতা ও অশান্তি হিসেবে উপস্থাপন করতে চাইছেন।নাহিদ বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের শত্রু। তবে সরকার শুরুতেই শ্রমিকদের সঙ্গে আন্তরিক আলোচনা করে তাঁদের দাবি মেনে নিলে পরিস্থিতি এত দূর গড়াত না। এমনকি একজন শ্রমিকের প্রাণহানিও ঘটত না বলে মন্তব্য করেন তিনি।রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাঁদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া এবং দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষার অনুরোধ করেন।গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সমালোচনাগ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা বলে সরকার বরাবরের মতো অজুহাত দেখাচ্ছে। এ কারণে তিনি সরকারকে ‘অজুহাতের সরকার’ বলে আখ্যায়িত করেন।এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, ব্যারিস্টার সানি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসাইন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ লিয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।