যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম)। এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে প্রশাসনের রাজনৈতিক অবস্থান ও নীতিনির্ধারণী কার্যক্রম কতটা নির্বিঘ্ন থাকবে।স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ৫ কোটি ৭০ লাখ ভোটার, যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের মোট আগাম ভোটের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।নির্বাচনে কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালেই ট্রাম্প প্রশাসনের ওপর ডেমোক্র্যাটদের নজরদারি ও রাজনৈতিক প্রভাব বাড়বে। বিশেষ করে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, নীতি ও কার্যক্রম নিয়ে তদন্ত এবং জবাবদিহির চাপ তৈরি হতে পারে।জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরারয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে ৪৬ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ ভোটার।জরিপের হিসাবে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য তুলনামূলক কঠিন বলে মনে করা হচ্ছে।নির্বাচনের শেষ মুহূর্তে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ নভেম্বর) সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট দিলে রিপাবলিকানরা জয়ী হবে। গত ৩২ দিনে ২০টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন তিনি।ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা নিয়ে আইনি লড়াইনির্বাচন ঘিরে ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। অ-মার্কিন নাগরিক হতে পারেন—এমন অভিযোগে ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধের আবেদন করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তবে সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন।একই দিন এক ফেডারেল বিচারক সন্দেহভাজন অ-মার্কিন নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের ব্যালট আলাদা রাখার দাবি জানানো থেকেও ট্রাম্প প্রশাসনকে বিরত থাকার নির্দেশ দেন।মিশিগান ও আলাস্কায় উত্তেজনামিশিগানে সিনেট নির্বাচন ঘিরেও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে। জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হতে পারেন।ডেমোক্র্যাটদের প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদের কাছে পরাজিত হওয়া প্রতিনিধি হ্যালি স্টিভেনস দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দিয়েছেন। এ ঘটনা দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।অন্যদিকে আলাস্কায় সিনেট নির্বাচন নিয়ে বিরোধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান অল্প ব্যবধানে পরাজিত হলে নির্বাচনের ফল অনুমোদন বন্ধ রাখার দাবিতে বিচার বিভাগ মামলা করেছিল। তবে গত রোববার (১ নভেম্বর) এক ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন। একই নামের দুই প্রার্থী থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন—এমন যুক্তি দেখিয়েছিল প্রশাসন।আগাম ভোটে নতুন রেকর্ডফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৭০ লাখ। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লাখ। ফলে এবার আগাম ভোটের সংখ্যা আগের নির্বাচনের রেকর্ড ছাড়িয়ে গেছে।বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে শুধু কংগ্রেসের আসন বণ্টনই নির্ধারিত হবে না, বরং ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে রাজনৈতিক ভারসাম্য কোন দিকে যাবে, তারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলবে।