মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৫ দিনব্যাপী আয়োজন হওয়ার কথা ছিল, ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল প্রদর্শনীজেল হত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বনির্ধারিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (৩ নভেম্বর) এ সিদ্ধান্ত নেয় জাদুঘর কর্তৃপক্ষ।মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী উদ্বোধনের কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রদর্শনীটি স্থগিত রাখার অনুরোধ জানায়। পরে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক মনে করায় অনুষ্ঠানটি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ প্রদর্শনী আয়োজনে বাধা দেয়নি; বরং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রদর্শনীস্থলে পুলিশ মোতায়েনও করা হয়েছে।প্রদর্শনীতে মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান, আত্মত্যাগ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরার প্রস্তুতি নিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। প্রদর্শনীটি ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। তাঁদের স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়।