মাথায় আঘাত নিয়ে নিরাপত্তা চৌকিতে পড়ে ছিলেন, কারণ জানতে যৌথ তদন্তউত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি সামরিক নিরাপত্তা চৌকিতে মাথায় আঘাত নিয়ে অচেতন অবস্থায় এক দক্ষিণ কোরীয় সেনাকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার আগেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার গাংওন প্রদেশের চেওরওন কাউন্টিতে এ ঘটনা ঘটে।নিহত সেনা দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট। দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম মানি টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে জরুরি সেবা বিভাগে ফোন করে সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এক সেনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানানো হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।তবে কীভাবে ওই সেনা আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিবেদনে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনার মৃত্যুর কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্ঘাটনে সামরিক ও বেসামরিক তদন্তকারীরা যৌথভাবে কাজ করছেন।সীমান্তে উত্তেজনার মধ্যে ঘটনাদুই কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরের শেষ দিকে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকরণ অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন—ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।ওই ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল সিউল। তবে পিয়ংইয়ং অভিযোগ অস্বীকার করে। পরে সীমান্ত এলাকায় আরও অস্ত্র মোতায়েনের হুমকি দেয় উত্তর কোরিয়া। অন্যদিকে, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় দক্ষিণ কোরিয়া।সীমান্তবর্তী সামরিক চৌকিতে সর্বশেষ সেনার মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।