বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। একই সঙ্গে নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, অনলাইন আর্থিক লেনদেনের সুরক্ষা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন।বৈঠকে ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে নিরাপদ ব্যাংকিং ও পরিচয়প্রযুক্তি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় গুরুত্বমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সেবা ও অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষজ্ঞ, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয় উল্লেখ করে তিনি বলেন, অনলাইন হয়রানি, অপপ্রচার, ক্ষতিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। প্রস্তাবিত আইন ও নীতিমালা প্রণয়নে গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান রাখা হবে বলেও জানান তিনি।প্রযুক্তি খাতে বিনিয়োগে পূর্বানুমেয় পরিবেশের তাগিদসুইডিশ রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে সুইডেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আগ্রহ জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণে পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ, সমান প্রতিযোগিতার সুযোগ ও বহুমুখী প্রযুক্তি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।