২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ; অমান্য করলে দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানাইলিশের উৎপাদন বৃদ্ধি ও পোনা সংরক্ষণে আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে নদী ও সাগরে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। ইলিশের উৎপাদন বাড়ানো এবং নিষিক্ত ডিম থেকে জন্ম নেওয়া পোনার নিরাপদ বিকাশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পর জন্ম নেওয়া ইলিশের পোনা পাঁচ থেকে আট মাস পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করে। এ সময়ে পোনাগুলো নিরাপদে বেড়ে উঠতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেবে মৎস্য অধিদপ্তর।