সিরাজগঞ্জ পৌর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সাবেক উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর)কে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি পৌর এলাকার মিরপুর মহল্লায় ঘটেছে। আহত সাবেক উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আহত আব্দুল কুদ্দুস এর ভাই মঞ্জুরুল আলম হেলাল বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, পৌর এলাকার মিরপুর উত্তরপাড়া মহল্লার মৃত দানেজ আলী শেখের ছেলে মঞ্জুরুল আলম হেলালের সাথে একই এলাকার প্রতিবেশী কোরবান আলীর ছেলে শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এবিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর দুপুরে মঞ্জুরুল আলম হেলালের ভাই রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সাবেক উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) ও সিরাজগঞ্জ রেলওয়ে পরিবারের সভাপতি আব্দুল কুদ্দুস ও তার ছেলে ওমর ফারুক রেজা বাড়ির ফেরার পথে বিবাদী শহিদুল(৪৭), তার ছেলে রাতুল(২২), শহিদুলের ভাই ইব্রাহিম(৪২) ও ভাতিজা মুন্নাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন সন্ত্রাসী বাহিনীআব্দুল কুদ্দুস ও তার ছেলে ওমর ফারুক রেজাকে পথরোধ করে লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তাদের মারের আঘাতে আব্দুল কুদ্দুসের একটি দাঁত ভেঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে গুরুতর আহত আব্দুল কুদ্দুস এর ভাই মঞ্জুরুল আলম হেলাল বাদী হয়ে ওইদিনই সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই রাসেল মিয়া বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।