১২৭ রান করেও হার, হংকং সিক্সেসে বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৭:১৬ সময়
হংকং সিক্সেস টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের মুখে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ১২৭ রান তুলেও জয় পায়নি সাব্বির-সোহানরা। ভিশেন হালাম্বেজের বিধ্বংসী ৮০ রানের অপরাজিত ইনিংসে ১ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও হেরেছিল বাংলাদেশ।শনিবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৫ রান।সাব্বির ১২ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রান করে আউট হন। অন্যদিকে সোহান ১৪ বলে ২ চার ও ৭ ছক্কায় করেন ৫৩ রান। নিয়ম অনুযায়ী মাঠ ছাড়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রিটায়ার্ড আউট হয়ে আবারও ব্যাটিংয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন সোহান।শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৩ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংসে ৬ ওভারে ৪ উইকেটে ১২৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।হালাম্বেজের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কার জয়১২৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। দলটির জয়ের নায়ক ভিশেন হালাম্বেজ। ফিফটি করে একবার মাঠ ছাড়লেও শেষ দিকে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। মাত্র ১৭ বলে ৩ চার ও ১১ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।টুর্নামেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় সফল রান তাড়ায় জয়ের ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এবার বোল পর্বে বাংলাদেশের লড়াইটানা দুই হারে গ্রুপ ‘বি’-তে তৃতীয় অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। ফলে মূল সেমিফাইনাল কিংবা প্লেট পর্বে জায়গা হয়নি তাদের। এবার বোল পর্বে খেলবে দলটি। সেখানে গ্রুপ ‘ডি’-এর তৃতীয় হওয়া দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ ওমান, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তান।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চার গ্রুপের দ্বিতীয় স্থান পাওয়া দলগুলো প্লেট পর্বে এবং গ্রুপ চ্যাম্পিয়নরা মূল সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পাবে। বোল পর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।