ইতালির ফুটবলে দীর্ঘদিনের ঐতিহ্যের অবসান ঘটিয়ে ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান। ক্লাব দুটি যৌথ উদ্যোগে নির্মাণ করতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন স্টেডিয়াম। ‘জেনেরালি স্টেডিয়াম’ নামের এই ভেন্যুতে ২০৩১ সাল থেকে নিজেদের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।সম্প্রতি এক যৌথ বিবৃতিতে নতুন স্টেডিয়ামের নাম ও নকশা প্রকাশ করেছে ইন্টার ও এসি মিলান। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।ক্লাব দুটির ভাষ্য, নতুন স্টেডিয়ামটি শুধু ফুটবল আয়োজনের আধুনিক ভেন্যু হবে না, বরং মিলান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবেও গড়ে উঠবে। ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি স্টেডিয়ামটির নামকরণের স্বত্ব পেয়েছে।নামকরণ স্বত্বে ৬৫০ মিলিয়ন ইউরোর চুক্তিইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের চুক্তিতে ৬৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্টেডিয়ামের নামকরণের স্বত্ব কিনেছে জেনেরালি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৯৯১ কোটি টাকা। ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামের নামকরণ স্বত্বের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।নির্মাণ শুরু ২০২৮ সালেপরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০৩১-৩২ মৌসুমে সেখানে প্রথম ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে ক্লাব দুটি।নতুন স্টেডিয়াম চালু হলে ঐতিহাসিক সান সিরো ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। ফলে ইতালির ফুটবলের ইতিহাস, ঐতিহ্য ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ভেন্যুর অধ্যায় শেষ হতে যাচ্ছে।উল্লেখ্য, ইন্টার মিলান ও এসি মিলান দীর্ঘদিন ধরে সান সিরোকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। নতুন স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে ক্লাব দুটি আধুনিক অবকাঠামো ও উন্নত দর্শকসুবিধার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।