বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এ সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে টোকিও আগ্রহী।এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়। এর পাঁচ মিনিট আগে, বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।