ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন সেখানে যান। পরে চারজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নাসির উদ্দিন শাওন বলেন, অনশন কর্মসূচি থেকে ছাত্রলীগের চার নেতাকর্মীকে পাওয়া গেছে। তারা সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।