রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার তাঁর পরিবর্তে বিচারক হিসেবে যুক্ত হচ্ছেন জয়া। প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার।বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান। তিনি জানান, রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে অংশ নিচ্ছেন তিনি।‘রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে’ভিডিওবার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এ আয়োজন।’তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’বিচারক প্যানেলে আরও দুই শেফনবম সিজনে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করবেন পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।এবারের প্রতিযোগিতার বিজয়ীর জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।পূর্ণিমাকে ঘিরে গুঞ্জনএদিকে, সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি রিয়েলিটি শোয়ের ভিডিওকে কেন্দ্র করে তাঁর মা হতে যাওয়ার আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে পূর্ণিমা এখনো কোনো মন্তব্য করেননি।