ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক, থানায় হস্তান্তরের প্রক্রিয়া
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৩ সময়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে মো. রাকিব নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তিনি ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান তিনি।আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।রাকিবের দাবি, তার ভাই অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনসার সদস্যরা আটক যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।