দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পূজার বিশেষ বাস পরিচালিত হবে।শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি ও রিজার্ভের ব্যবস্থা করা যাবে। আজ বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়এতে বলা হয়, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে জেলার মধ্যে এবং আন্তজেলা সার্ভিসের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। যাত্রীসাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ বাস সার্ভিসের জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।এ ছাড়া দুর্গাপূজার বিশেষ বাস সার্ভিসের সেবা নিতে এবং এ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোলরুমে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।