টঙ্গীতে ওষুধ কারখানার রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৫:৫৬ সময়
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তিনি জানান, বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।